Halloween Costume ideas 2015

Behiond The Seen of Bangladesh

Articles by "বিনোদন"

শাহরুখ খান ও সালমান খান- দুই মহাতারকা। এই দুই তারকাকে শেষ কবে একসঙ্গে দেখা গেছে এটা ভক্তরা ভুলতে বসেছেন। অনেক দিন তাদের দেখা যায়নি একসঙ্গে। তবে এবার বোধহয় অপেক্ষার পালা ফুরাচ্ছে। 

দীর্ঘ সময় এই দুই তারকার মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব দেখে এসেছেন ভক্তরা। তবে এই সময়ে এসে দ্বন্দ্বটা এখন তেমনভাবে চোখে পড়ছে না। কিন্তু বিভিন্ন সময়ই তাদেরকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। 

তবে দুই তারকার ভক্তদের জন্য সুখবর হচ্ছে, শিগগিরই তাদের একসঙ্গে দেখা যাবে। সালমানের অনুষ্ঠান বিগ বসে আসছেন শাহরুখ।

রথ দেখা কলা বেচার মতো এ অনুষ্ঠানেও শাহরুখ সারবেন নিজের ছবি ‘ডিয়ার জিন্দেগি’ ছবির প্রচার। এর আগে ‘দিলওয়ালে’ ছবির প্রচারের জন্য এসেছিলেন শাহরুখ। ওই পর্বটি ছিল অন্যতম সেরা পর্ব। ভক্তদের দারুণ আনন্দ দিয়েছিলেন দুই তারকা। ধারণা করা হচ্ছে এবারও তেমন কিছু ঘটবে।

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করেন তিনি। তবে এই ব্যস্ততার মধ্যেই কলকাতার একটি রিয়েলিটি শো'র বিচারক হিসাবে দেখা যাবে তাকে। 

কলকাতা থেকে সজল জানান, '' এটি হচ্ছে বড় মাপের একটি ড্যান্স রিয়েলিটি শো। গেল এক মাস ধরে চলছে কলকাতার একটি স্টুডিওতে শুটিং। সেটার তিনটি পর্বে বিশেষ বিচারক হিসেবে থাকছি আমি। এমন আয়োজনে এবারই প্রথম আমি। ভালোই লাগছে।''

আরও জানান, এর জন্য গেল এক সপ্তাহ ধরে সেই শহরে অবস্থান করছেন তিনি। এরমধ্যে দুই পর্বের শুটিং শেষ। বাকি পর্বের শুটিং আজ মঙ্গলবার শেষ করে রাতেই ঢাকায় ফিরছেন তিনি। 

কিন্তু অনুষ্ঠানটির নাম, কোন টিভির জন্য এটি নির্মিত হচ্ছে এবং এতে অংশ নেওয়া অন্য বিচারক ও প্রতিযোগিদের মধ্যে আর কে কে আছেন- সে বিষয়ে একেবারেই মুখ খুলছেন না সজল।


আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৮ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনের দিকে তাকিয়ে সারা বিশ্বের মানুষ। বিশ্বের অনেক গুণী ব্যক্তি আমেরিকার নাগরিক না হলেও তারাও পছন্দের প্রার্থী নির্বচনে করছেন।

দুই প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এমং হিলারি ক্লিনটন শিবিরে যোগ দিচ্ছেন তারা। এবার সালমান খান টুইট করে তার সমর্থনের কথা অকপটে জানিয়ে দিলেন।

ট্যুইটারে বলিউড সুপারস্টার দ্বর্থহীন ভাষায় লিখেছেন, তিনি হিলারিকেই সমর্থন করছেন। এদিন হিলারির একটি ছবি আপলোড করে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ৬৯ বছর বয়সী ডেমোক্রেটিক রাজনীতিক হিলারির এবারের প্রতিপক্ষ রিপাবলিকান ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।  

বলিউডের তিন খান- শাহরুখ, সালমান ও আমির। দীর্ঘ সময় তাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব দেখে এসেছেন ভক্তরা। তবে এই সময়ে এসে দ্বন্দ্বটা এখন তেমনভাবে চোখে পড়ছে না। কিন্তু বিভিন্ন সময়ই তাদেরকে নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালমান ও আমিরের সঙ্গে তার সম্পর্ক এবং তাদেরকে ঘিরে বিভিন্ন গুঞ্জন নিয়ে কথা বলেছেন শাহরুখ খান। এ অভিনেতা জানান, সালমানের সঙ্গে প্রেম করছেন এমন গুঞ্জন শোনার অপেক্ষায় আছেন তিনি।

শাহরুখ বলেন, ‘সালমান খান, আমির খান ও আমি কখনো আমাদের তারকাখ্যাতি নিয়ে কথা বলি না। মাঝে মাঝে অবশ্য একসঙ্গে কাজ করলে আমরা কতটা পার্থক্য গড়তে পারতাম তা নিয়ে কথা বলি, কিন্তু এটা সবচেয়ে ভালো কথা যা আপনাকে বললাম। আমরা অনেক বাজে বিষয়েও কথা বলি।’

তিনি আরো বলেন, “একদিন আমি আমার ছেলের সঙ্গে হাঁটছিলাম। হঠাৎ সালমানকে বসে থাকতে দেখে তার কাছে গেলাম। সালমান বলল, ‘আমরা অনেক ভাগ্যবান। সৃষ্টিকর্তা আমাদের অনেক কিছু দিয়েছেন। আমাদের মতো বয়সে মানুষ কাজ থেকে অবসর নেয়ার চিন্তা করে, কিন্তু আমরা অনেক ভাগ্যবান আমাদের তা করতে হচ্ছে না।’ আমি বুঝলাম আমরা কতটা ঘনিষ্ঠ যে সে আমাকে এই ধরনের কথা বলছে।” 

‘আমি বুঝতে পেরেছিলাম সালমান কী বোঝাতে চেয়েছিল। আমরা যে সেক্টরে কাজ করি আপনারা যদি সেখানে থাকতেন এবং আমার ও সালমানের মতো গভীর রাতে ঘুমাতে যেতেন, তাহলে আপনারাও একে অন্যের সঙ্গে দেখা করার সময় পেতেন না। আর আমরা যদি ঘন ঘন একে অন্যের সঙ্গে দেখা করতাম তাহলে মানুষ বলত আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। আমি এই গুঞ্জনটি শুনতে চাই। কারণ আমার সঙ্গে সালমানের প্রেম এই গুঞ্জনটাই শুধু বাকি আছে।’ বলেন শাহরুখ। 

শাহরুখ খান এখন ব্যস্ত ইমতিয়াজ আলী পরিচালিত ‘দ্য রিং’ সিনেমার শুটিং নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে শাহরুখ খান ও আলিয়া ভাট অভিনীত ‘ডেয়ার জিন্দেগি’ সিনেমাটি। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

লাক্স তারকা হিসেবে মিডিয়াতে পা রাখেন হালের দর্শকপ্রিয় অভিনেত্রী বিপাশা কবির। আইটেমকন্যা হিসাবে বেশ সুনাম অর্জন করেন মিডিয়া পাড়া থেকে। এবার চলচ্চিত্রে ফের দর্শকদের জন্য চমক নিয়ে আসছেন বিপাশা কবির। ‘খাস জমিন’ শিরোনামের নতুন ছবিতে বিপাশাকে দেখা যাবে নতুন রুপে।

সারোয়ার হোসেনের পরিচালনায় ছবিটিতে বিপাশার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক। বর্তমানে গাজীপুরের হোতাপাড়ায় ‘খাস জমিন’র শুটিং চলছে। গেলো রোজার ঈদে মুক্তি পাওয়া বিপাশার প্রথম অভিনীত ‘গুণ্ডামি’ ছবিটি দর্শক মহলে বেশ সাড়া জাগায়।

দ্বিতীয় ছবির প্রসঙ্গে বিপাশা বলেন, ‘ছবিটির গল্পটা একটু ভিন্ন ধরণের। এতে আমার চবিত্রের নাম রুপা। টানা কয়েকদিন ধরে এখানে কাজ করছি। ছবির গল্পটা জমিজমা নিয়ে। এখানে ভূমিদস্যুদের আধিপত্য ছাড়াও গরীব ভূমিহীন মানুষের গল্পও ফুটে উঠবে। গল্পে টানটান উত্তেজনার একটা বিষয় রয়েছে। যার জন্য কাজ করে অনেক আনন্দ পাচ্ছি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

শেখ ডেভিডের চিত্রনাট্যে ‘খাস জমিন’ ছবিটি প্রযোজনা করছেন ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ। ছবিটিতে একটি গুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াৎ।

টানা শুটিং শেষে নতুন জায়গায় গানের শুটিং হবে বলে জানিয়েছেন অভিনেত্রী বিপাশা কবির।

আগামী ভালোবাসা দিবসের আগে মুক্তি পাবে অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। সিনেমাটির সুষ্ঠু প্রচারের লক্ষ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সাথে চুক্তি স্বাক্ষর করেছে ‘ভয়ংকর সুন্দর’ কর্তৃপক্ষ। 

প্রচারে সহযোগিতা করা ছাড়াও সিনেমাটির টেলিভিশন স্বত্ব লাভ করেছে আরটিভি। এ উপলক্ষে আরটিভির অফিসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালক অনিমেষ আইচ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, মহাব্যবস্থাপক  (মানব সম্পদ ও প্রশাসন) হাবীব ভূঁইয়া,  বার্তা প্রধান লুৎফর রহমান, আরটিভি অনলাইন প্রধান বার্তা সম্পাদক আনোয়ার হক, সহকারি মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) সৈয়দ সাবাব আলী আরজু প্রমূখ।
 
উল্লেখ্য, মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে ভয়ংকর সুন্দর’ ছবিটি নির্মিত হয়েছে। কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের ভাবনাসহ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালের শুভ্র প্রমুখ।

‘দুই থাপ্পড় পিছু ১ ইউরো! ‌হাতের জ্বালা মিটিয়ে নিন।’‌‌ প্রস্তাব অভিনেতা রণবীর সিংয়ের। না, সবসময় পাগলামি করলেও, ‘‌বাজিরাও’‌–এর এখনও কোষাগারে টান পড়েনি। আগামী ছবি ‘‌বেফিকরে’–র‌ একটি গানের এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। 

ছবিতে অলস এবং বেকার যুবকের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। নিয়ম বেঁধে সাত–আটঘণ্টা কাজ করতে একেবারেই মন নেই। তাই টাকা রোজগারের অভিনব উপায় বের করেছেন। রাস্তায় বোর্ড হাতে বসে পড়েছেন। এমনিতে পৃথিবীতে হতাশাগ্রস্ত এবং রাগী মানুষের অভাব নেই! কিন্তু মন চাইলেই তো কাউকে দু’‌ঘা কষিয়ে দিতে পারেন না!‌ তাই সুযোগ করে দিয়েছেন তিনি। 

মাত্র ১ ইউরোর বিনিময়ে দু’‌টি থাপ্পড় মারার সুবর্ণ সুযোগ। সমাজসেবা আর কী!‌ মানুষটির গায়ের জ্বালাও মিটবে, তাঁরও দু’‌পয়সা আয় হবে। এমন সুযোগ অবশ্য হাতছাড়া করেননি ছবির পরিচালক আদিত্য চোপড়া। ওই গানের দৃশ্যে রণবীরকে ২১টি চড় খাইয়ে ছেড়েছেন। 

 গত এক যুগের বেশি সময় ধরে অভিনয়জগতে আছেন, নিজেকে প্রমাণ করে অর্জন করেছেন জনপ্রিয়তা। তিনি সুমাইয়া শিমু। 

মজার ব্যাপার হলো, এই অভিনেত্রী প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ান, তখন নাকি তাকে পুতুলের মতো লেগেছিল। 

এক সাক্ষাৎকারে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাসহ জীবনের প্রথম অনেক উল্লেখযোগ্য ঘটনার কথা বলেছেন সুমাইয়া শিমু।

প্রথম স্কুল: নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রথম শিক্ষক: আমার প্রথম শিক্ষক ছিলেন উমা পিসি। নড়াইলে আমরা যখন ছিলাম, তিনি আমাদের বাসার পাশেই থাকতেন। আমাকে পড়াতেন। খুব বেশি ভালো স্টুডেন্ট আমি ছিলাম না। কিন্তু আমার রেজাল্ট কখনো খুব খারাপ হয়নি। ছোটবেলায় সবাই যেমন পড়ার জন্য বকা শোনে, আমার বেলাও তাই হয়েছে।

প্রথম অভিনীত নাটক: নাটকের নাম ছিল ‘এখানে আতর পাওয়া যায়’। অরণ্য আনোয়ার পরিচালিত নাটকটিতে আমার সহশিল্পী ছিলেন ডলি জহুর, আফসানা মিমি, শামস সুমন প্রমুখ। সম্ভবত ১৯৯৮ সালে নাটকটির শুটিং হয়েছিল।

প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা: আমি খুব বেশি নার্ভাস ছিলাম। তখন বয়সও অনেক কম ছিল। সব মিলিয়ে একটু ভয় কাজ করেছিল। কিছুদিন আগে ইউটিউবে নাটকটি আমি দেখেছি। মজার ব্যাপার হলো, অভিনয়ের আগে আমি তো ভীষণ নার্ভাস ছিলাম, অথচ ক্যামেরায় আমার নার্ভাসনেস একদম ধরা পড়েনি। অনেক দিন পর ইউটিউবে নিজের নাটক দেখে ভালো লেগেছিল। 

প্রথম পারিশ্রমিক: বাংলাদেশ বেতারে বাচ্চাদের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। আমাকে সম্মানী হিসেবে ২০০ টাকা দেওয়া হয়েছিল। তখন আমি ক্লাস টুতে পড়ি। টাকাটা দিয়ে কী করেছিলাম, এখন সেটা একদম মনে নেই। আর পঞ্চম শ্রেণিতে আমি একটা স্কলারশিপ পেয়েছিলাম।

প্রথম প্রেম: বিয়ের পরেই আমার প্রথম প্রেম হয়েছিল। এটা হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবে না। কিন্তু কথাটা একদম সত্যি বললাম। আমার বরকে নিয়ে আমি অনেক ভালো আছি।

প্রথম পড়া বই: বইটার নাম ছিল ‘চিতা’। বইটিতে বাঘের ছবি ছিল। ছোটবেলায় খুব আনন্দ নিয়ে বইটি পড়েছি।

প্রথম শাড়ি পরা: স্কুলে একটা নাচের অনুষ্ঠানে প্রথম শাড়ি পরেছিলাম। ছোটবেলায় আমি গান-নাচ সবই করেছি।

সূত্র: এনটিভি



তৃতীয়বারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন শাহরুখ-আনুশকা। ইমতিয়াজ আলীর 'দ্য রিং' ছবির শুটিং করছেন এই দুই বলিউড তারকা।

নিজের প্রথম ছবিতেই নায়ক হিসেবে শাহরুখকে পেয়েছিলেন আনুশকা। 'রব নে বানা দি জোড়ি' ছবিতে এ দুজনকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল। সেটি ২০০৮ সালের কথা। এরপর যশ রাজ পরিচালিত শেষ ছবি 'যব তাক হ্যায় জান' ছবিতে আবারও জুটিবদ্ধ হন তারা।

সিনেমার পর্দায় ৫০ বছর বয়সী শাহরুখের সঙ্গে ২৭ বছর বয়সী আনুশকার রসায়নটাও ছিল 'দারুণ'। এই জুটির দুটি ছবিই সে সময় বক্স অফিস মাতিয়েছিল।

শাহরুখ সম্পর্কে অানুশকা বলেন, 'শাহরুখের সঙ্গে আমার একটি বিশেষ সমীকরণ আছে'। তিনি আমার প্রথম ছবির নায়ক। স্বাভাবিকভাবেই তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অাশা করি অামাদের জুটির তৃতীয় ছবিও জনপ্রিয়তা পাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তিন নায়িকার। তারা হলেন মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, জলি। এবার আরো এক নতুন নায়িকার আগমন ঘটলো ঢাকাই চলচ্চিত্রে।

জাজের নতুন নায়িকা হলেন হূমাইরা ফারিন খান। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফারিনকে জাজের পরবর্তী ছবি ‘ধেৎতেরিকি’ ছবির নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জাজ কর্ণধার আবদুল আজিজ ছাড়াও চলচ্চিত্রাঙ্গনের অনেকেই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফারিন হবেন ‘ধেৎতেরিকি’ ছবির নায়িকা। তার বিপরীতে থাকবেন ‘রক্ত’ চলচ্চিত্র দিয়ে ঢাকাই ছবিতে অভিষেক হওয়া নায়ক রোশন। এছাড়া আগামীতে জাজের হয়ে তিনি বেশ কিছু ছবিতে কাজ করবেন। একই সঙ্গে যৌথ প্রযোজনার ছবিতেও ফারিন অভিনয় করবেন।

চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রায় ১০০ অভিনেত্রীর মধ্য থেকে বাছাই করে ফারিনকেই নতুন নায়িকা হিসেবে নির্বাচন করেছেন তারা। তার মধ্যে যে অভিনয়-প্রতিভা দেখেছি, তাতে বেশ খুশি সবাই। তার নায়িকা হওয়ার যোগ্যতা আছে।’ 

সবার কাছে দোয়া চেয়ে ফারিন বলেন, 'আগামীতে চলচ্চিত্রের জন্য ভালো কিছু করতে চাই। জাজ আমাকে চলচ্চিত্রে কাজের সুযোগ দিয়েছে সে কারণে আমি কৃতজ্ঞ তাদের কাছে। আর আমি কথা নয় কাজে বিশ্বাসী।’
যৌথ প্রযোজনায় নির্মিত ধেৎতেরিকি ছবিতে ফারিন-রোশন ছাড়াও অভিনয় করবেন নুসরাত ফারিয়া, আরেফিন শুভ প্রমুখ। আগামী মাসেই ছবির কাজ শুরু হবে। পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

ঐশ্বরিয়া-রনবীরের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ অনেক বিতর্কের জন্ম দিয়েছে। সেগুলো ছাপিয়ে এখন আলোচনায় বলিউডের অন্যতম প্রভাবশালী বচ্চন পরিবার।

ছবিটিতে রণবীর কাপুরের সঙ্গে বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের চুমু খাওয়ার দৃশ্য নিয়ে বলিউডপ্রেমীদের আগ্রহের শেষ ছিল না। কিন্তু ঐশ্বরিয়ার শাশুড়ি জয়া বচ্চন ভীষন ক্ষেপেছেন বোঝাই যায়। 

মুম্বাইয়ে একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ঐশ্বরিয়ার নাম সরাসরি উল্লেখ না করে জয়া বলেন, ‘সব আমাদের মুখের ওপর ছুঁড়ে মারা হচ্ছে। সূক্ষ্ণ বিষয়গুলো মানুষ ভুলে গেছে। খোলামেলা আকর্ষণকেই এখন স্মার্ট মনে করা হয়… লজ্জা বলেতো কিছু নেই এখন।’

রণবীরের সঙ্গে চুমু দৃশ্য নিয়ে বচ্চন পরিবারের আপত্তি ছিল আগেই। জয়া বচ্চনের কথায় তার সত্যতাও মিললো। শাশুড়ি এমন সমালোচনা করলেও ঐশ্বরিয়া এমন দৃশ্যে আপত্তির কিছু দেখছেন না। শ্বশুরবাড়ির লোকেরা যতই প্রভাবশালী হোক- ঐশ্বরিয়া নিজেওতো কম বড় সেলিব্রেটি নন। চুপ করে সব হজম করার প্রশ্নই আসে না। তাই কড়া ভাষাতেই জবাব দিয়েছেন শাশুড়িকে।

ঐশ্বরিয়া বলেন, “আমি শুধু ‘শব্দ’ করেছি। সেখানে চুমু না থাকলেও ঘনিষ্ঠ দৃশ্য ছিল- এটা ঠিক। ‘ধুম’-এ চুমুর দৃশ্য ছিল। ক্যারিয়ারে এত দিন পেরিয়ে আসার পর তো পরিস্থিতি এখন আলাদা! তাহলে এখন কথা ওঠছে কেন?”

ওদিকে খোলামেলা ছবি নিয়ে জয়া বচ্চন আরো বলেন, 'খোলামেলা ছবি দেখে আমার খুব খারাপ লাগে। তখন আমার মনে হয় একা কিছুক্ষণ থাকা প্রয়োজন।'

তবে অ্যাশের বক্তব্য নিয়ে নতুন আর কিছু বলেননি এ অভিনেত্রী।



অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে রণবীরের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্য নাকি মেনে নিতে পারেননি বচ্চন পরিবার। অভিষেক বচ্চন একবার ছাড়া দু’বার ছবিটি নিয়ে বাক্যব্যয় করেননি। অমিতাভ তো একটিও কথা বলেননি। পিঙ্কের প্রচারে এসেও তিনি ঐশ্বরিয়া ও অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন।

তবে শোনা গেছে, বচ্চন পরিবারের কেউই ঐশ্বরিয়ার উপর আপসেট নন। তাঁরা জানেন ছবির জন্য এমন অভিনয় করতে হতেই পারে। তবে এও শোনা গেছে অ্যায় দিল হ্যায় মুশকিলে ঐশ্বরিয়ার সাহসী পারফর্ম্যান্স নিয়ে নাকি খুশি ছিল না বচ্চন পরিবার। তাই শ্বশুর শাশুড়ির মানভঞ্জন করতে নাকি ময়দানে নেমে পড়েছেন খোদ ঐশ্বরিয়াই। বচ্চন পরিবারের জন্য নাকি ছবির একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছেন তিনি।

সোমবার ছবির স্ক্রিনিংয়ে কিন্তু অন্য ঘটনা লক্ষ্য করা যায়। স্ক্রিনিংয়ে রণবীর কাপুরের সঙ্গে ছিল তাঁর পরিবার। আনুশকার সঙ্গে তাঁর বন্ধুরাও এসেছিলেন। কিন্তু বচ্চন পরিবারের কেউ সেখানে ছিলেন না। অনুপস্থিত ছিলেন ঐশ্বরিয়াও। ঘটনাটি অনেকেরই চোখে লাগে। তবে কি ঐশ্বরিয়ার উপর আপসেট থাকার কারণেই আসেননি অমিতাভ বা অভিষেক? বিষয়টি জানা যায়নি। তবে এটুকু শোনা গেছে, ঐশ্বরিয়া নিজে নাকি বচ্চন পরিবারের জন্য একটি স্পেশাল স্ক্রিনিংয়ের বন্দোবস্ত করেছেন।

আজ রিলিজ করছে অ্যায় দিল হ্যায় মুশকিল। আজই রিলিজ করছে অজয় দেবগনের শিবায়। দীপাবলির বক্স অফিসে সাফল্য পেতে জোর প্রতিযোগিতা চলছে ছবি দু’টির মধ্যে।  

জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল  অভিনীত ‘হারজিৎ’ ছবির শুটিংয়ের  প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটিতে সজলের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি। ছবিটির প্রথম ধাপের কাজের অভিজ্ঞতা ও অন্যন্য প্রসঙ্গ নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন সজল।
প্রশ্ন : কেমন হলো ‘হারজিৎ’ ছবির প্রথম ধাপের শুটিং?
উত্তর : খুব ভালো। খুব সিরিয়াসলি আমরা শুটিং করেছি। এখন ছবির গানের  শুটিংয়ের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে গানের শুটিং করতে আমরা দেশের বাইরে যাব।
প্রশ্ন : হঠাৎ গুজব উঠেছে আপনি নাকি ‘হারজিৎ’ ছবি থেকে বাদ পড়েছেন। বিষয়টি নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?
উত্তর : কিছু অনলাইন সংবাদপত্রে শিরোনাম  দেখলাম ‘হারজিৎ থেকে বাদ পড়লেন সজল’। সত্যি বলতে আগে নিজের ভুয়া খবর দেখলে অনেক রাগ লাগত। কিন্তু আমার এই মিথ্যা খবরটি পড়ার পর ভীষণ হাসি পেয়েছে।  কীভাবে সাজিয়ে এত বড় মিথ্যা কথাটা লেখা হলো! যাঁরা কাজটা  করেছেন তাঁরা কেউই আমার সঙ্গে কথা বলেননি। আর খবরটা পড়ার পর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এটা সত্য কি না। তখন আমি একটু বিব্রত বোধ করেছি।
প্রশ্ন : চলচ্চিত্রে কি নিয়মিত অভিনয় করার ইচ্ছে আছে?
উত্তর : হ্যাঁ, এখন চলচ্চিত্রের ব্যাপারে আমি অনেক সিরিয়াস। তবে বুঝে শুনে চলচ্চিত্রে কাজ করতে চাই। আশা করি, দর্শক আমাকে ভালো গল্পের হিরো হিসেবেই খুঁজে পাবেন।
প্রশ্ন : এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
উত্তর : আমি তো ধারাবাহিক নাটকের শুটিং করি না। চলচ্চিত্রের শুটিংয়ের ফাঁকে একক নাটকগুলোতে  অভিনয় করছি। আমার কাছে অভিনয়ই সব। সেটা নাটক কিংবা চলচ্চিত্র হোক না কেন! আমি দুই মাধ্যমেই কাজ করে আনন্দ পাই। দর্শকরা যত দিন চাইবেন তত দিন অভিনয় করেই যাব।

মডেলিংয়ের মাধ্যমে দর্শক পরিচিতি। এরপর অভিনয়ে নাম লেখিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন। অবশ্য এর মাঝে বিয়ে। বিরতি ৩ বছর। স্বামী ও পরিবারকে সময় দিয়েছেন। একপর্যায়ে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। মিডিয়ায় ফিরবেন কি ফিরবেন না এ নিয়ে ছিল ভক্ত মহলে নানা কৌতূহল। 

অবশ্য সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি এসেছেন। দীর্ঘদিন পর ক্যামেরার মুখোমুখি হয়েছেন। চিরচেনা নির্মাতার মুখের ‘লাইট, ক্যামেরা আর অ্যাকশন’ বাক্যটিকে কাছ থেকে শুনেছেন। বলা হচ্ছে টিভি মিডিয়ার আলোচিত মডেল-অভিনেত্রী সারিকার কথা। 

কথা ছিল রোজার ঈদের নাটকের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটবে তার। কিন্তু শারীরিক অসুস্থতা বাধা হয়ে দাঁড়ায়। তবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেননি। কোরবানির ঈদের নাটকের মাধ্যমে ভক্ত-দর্শকের সব কৌতূহল, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন সারিকা। 

বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। ফিরে এসেই ৫টি খণ্ড নাটক ও একটি ধারাবাহিকে অভিনয় করেছেন সারিকা। ঈদ উপলক্ষে এসব নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারও হয়েছে। এই প্রত্যাবর্তনে ভক্ত, সহকর্মীরা যেমন খুশি তেমনি সারিকা নিজেও বেশ উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু দীর্ঘ ঈদের পর আর কোনো কাজ করতে দেখা যায়নি সারিকাকে। 

এ নিয়ে সারিকার ভক্তমনে নানা প্রশ্ন। তবে কি আবারও লম্বা বিরতির পথে সারিকা? না, মিডিয়া থেকে সাময়িক দূরে আছেন কন্যার জন্য। সাহরিশ অসুস্থ ছিল মাঝের কয়েকদিন। তাই নাটকে কাজ করতে পারেননি সারিকা। নভেম্বর মাস থেকেই নতুনভাবে ফিরছেন তিনি। 

এ প্রসঙ্গে সারিকা বলেন, বিরতিটা আসলে সেভাবে দিইনি। মেয়ে অসুস্থ বলেই কিছুদিন কাজ করিনি। এখন সাহরিশ অনেকটা সুস্থ। আলহামদুলিল্লাহ। কাজে ফিরতে এখন আর কোনো সমস্যা নেই। আসছে নভেম্বরেই আবার ফিরবো বলে আশা করছি। বেশ কিছু নাটকের ব্যাপারে কথা হয়েছে। তবে এখনও সব চূড়ান্ত নয়। দীর্ঘদিনের ক্যারিয়ারে বিজ্ঞাপনচিত্র, খণ্ড নাটক কিংবা টেলিছবিতেই সারিকার উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

ধারাবাহিকে কখনো অভিনয় করেননি তিনি। এ ধাঁচের নাটক নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে সারিকা বলেন, আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো ধারাবাহিক নাটকে কাজ করিনি। ইচ্ছেও নেই। তাছাড়া ধারাবাহিকে অনেক সময় দিতে হয়। সেটা আগেও কখনো হয়নি। এখন তো আরও হবে না। খণ্ড নাটক কিংবা টেলিছবিতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। টিভি নাটকে জনপ্রিতা পেয়েছেন সারিকা। এ মাধ্যমটিতে কাজ করার শুরু থেকেই প্রায়ই চলচ্চিত্রের প্রস্তাব পেতেন তিনি। কিন্তু চলচ্চিত্রে কাজ করেননি তিনি। 

সারিকা বলেন, এতদিনে অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। তখনও রাজি হইনি। এই মাধ্যমে কাজ করার ইচ্ছেও নেই। আমার মেয়ে বড় হচ্ছে। নাটকে অভিনয় করলেও আমার সব ধ্যানজ্ঞান মেয়েকে ঘিরেই।

সপ্তাহজুড়ে মিডিয়া অঙ্গনে অপু বিশ্বাস ফিরছেন বলে সংবাদ প্রচার করা হচ্ছে। আগামী মাসেই নাকি ঢাকাই ছবির এ নায়িকা দেশে ফিরবেন। অংশ নেবেন শুটিংয়ে। তবে ওই সংবাদের কোনো সত্যতাই পাওয়া যায়নি।

অপু বিশ্বাস কোথায় আছেন বা কবে ফিরছেন সে সম্পর্কে কোনো তথ্য না জেনে শুধু উড়ো কথার ওপর ভিত্তি করেই প্রকাশ করছে খবর। আসলে অপুর অন্তরালে যাওয়ার পর থেকে কারও সঙ্গেই যোগাযোগ নেই তার। যোগাযোগের কোনো পথও কেউ পাচ্ছে না। সে পথ থাকলে চুক্তিবদ্ধ ছবির নির্মাতারা তাকে খুঁজে বের করতেন।

যদিও অজ্ঞাত পরিচয়ে কলকাতা থেকে এ দেশের কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েছেন অপুর আত্মীয় পরিচয় দেয়া কেউ একজন। তবে আসলে সে কে, কিইবা তার পরিচয়- সে সম্পর্কেও রয়েছে যথেষ্ট প্রশ্ন। কারণ ফোনে বার্তা প্রেরণকারী তার সুনির্দিষ্ট পরিচয় প্রদান করেননি।

অপুর ‘কাজিন’ বলে দায়সারা পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল সবকিছু। শাকিব-অপুর ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক তথ্যই তিনি বলার চেষ্টা করেছেন। যার কোনো সত্যতা উপস্থাপন করার সাহস তিনি দেখাতে পারেননি। কিংবা এ সংক্রান্ত কোনো প্রমাণাদি এখনও পর্যন্ত হস্তান্তর করেননি।

এখন প্রশ্ন হচ্ছে, কোনো যোগাযোগ বা নির্ভরযোগ্য সূত্রের বরাত ছাড়াই ‘আগামী মাসেই অপু বিশ্বাস ফিরছেন’ এমন খবরের সত্যতা কী? নাকি আন্দাজে ঢিল মারার মতো বিষয়। অপু বিশ্বাসের আড়াল হওয়াটা হঠাৎ করেই হয়েছে। কেউ বলছেন শাকিবের মান-অভিমানের কারণেই অন্তরালে গেছেন তিনি। যদিও এ কথার প্রমাণ কারও কাছেই নেই।

আড়ালে যাওয়ার কথা কাউকে বলেননি তিনি। স্বভাবতই দর্শকদের মনে প্রশ্ন জাগে, অপু বিশ্বাস আড়ালে গেছেন নাকি তাকে গুম করা হয়েছে? এ নায়িকার আড়াল হওয়ার পর শিল্পী সমিতির উচিত ছিল তার বিষয়ে বিবৃতি দেয়া বা থানায় একটা জিডি করে রাখা। কারণ তার সন্ধান যেহেতু কেউ পাচ্ছেন না তাই তাকে যে গুম করা হয়নি এ সন্দেহটাও উড়িয়ে দেয়া যায় না।

এ বিষয়ে অপু বিশ্বাসের ছবির পরিচালকরাও কোনো বিবৃতি দেননি। কোনো খোঁজ খবর রাখেননি। যাদের ছবির শুটিং প্রায় শেষের পথে ছিল তারা অপুর দৃশ্যগুলো কোনো রকম কাটছাঁট করেই ছবি শেষ করার চেষ্টা করছেন। কেউ আবার অপুর ফেরার আশায় বুক বেঁধে বসে আছেন।

কিন্তু অপু কী সত্যিই ফিরবেন? যার উত্তর জানা নেই কারও কাছেই। ইতিমধ্যে জি সরকার অপু বিশ্বাসের শুটিং বাকি রাখা ‘লাভ ২০১৬’ নামের ছবিটির শুটিং শুরু করেছেন। তাই অনেকের মনেই বিশ্বাস জন্মেছে অপু বিশ্বাস হয়তো আগামী মাসেই ফিরছেন। সে অনুযায়ী ফলাও করে প্রচার হচ্ছে খবর। এ খবর সত্যি হোক সেটিই চাচ্ছেন তার ভক্তরা।

সূত্র: যুগান্তর

‘মৃত্যুপুরী’ ছবির শুটিং শেষ করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নায়ক আরিফিন শুভ। আজ বুধবার তিনি ব্যক্তিগত কাজে কলকাতায় গেছেন। কলকাতা থেকেই আগামী ২৯ অক্টোবর অস্ট্রেলিয়াগামী বিমানে উঠবেন শুভ। জায়েদ রেজওয়ান পরিচালিত এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন প্রসুন আজাদ।
ঢাকা ছাড়ার আগে শুভ এনটিভি অনলাইনকে বলেন, ‘কলকাতায় আমি তিনদিন থাকব। আগামী ২৯ তারিখ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হব। ছবির কাজ শেষ করে আগামী ১৫ নভেম্বর ঢাকায় ফিরব।’
‘মৃত্যুপুরী’ ছবির কাজ নিয়ে শুভ বলেন, ‘এরই মধ্যে ছবির শুটিং সিংহভাগ শেষ করেছি। কিছু কাজ বাকি, সেগুলো এখন শেষ করব। পাশাপাশি ছবির ডাবিং শেষ করব। ছবির গল্পে অনেক টান টান উত্তেজনা আছে। দর্শক ছবিটি উপভোগ করবেন।’
গতকাল মঙ্গলবার রাতে শুভ শেষ করেছেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ ছবির  প্রথম পর্যায়ের শুটিং। এ বিষয়ে তিনি বলেন, ‘গল্পনির্ভর একটি ছবিতে কাজ করার সুযোগ পেলাম। এখানে নিজেকে নায়ক মনে হয়নি। শুধুই একটা চরিত্র মনে হয়েছে। নায়কের ভাব নিযে ঘুরে বেড়ানো অনেক সহজ, কিন্তু একটি চরিত্রকে নায়ক করে তোলা অনেক কঠিন। তবে আমি এই কঠিন কাজগুলোর সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’
গত মাসে মুক্তি পেয়েছে শুভ-জলির ‘নিয়তি’। এখন শুভ জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে অভিনয় করছেন। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ‘ভাল থেকো’ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন তানহা তাসনিয়া।


এক ব্যক্তিকে মেরে তার হাড় ভেঙে দিয়েছেন সালমান খানের দেহরক্ষী। সম্প্রতি এই অভিযোগ পাওয়া গেছে 'ভাইজানে'র দেহরক্ষীর বিরুদ্ধে। মুম্বাইয়ের ভিল পারলে এমন ঘটনা ঘটেছে বলে দাবি ভারতীয় মিডিয়ার।
 
সূত্রের খবর, ভিল পারলের একটি পাবে গণ্ডগোলের সূত্রপাত হয়। সেখানেই ওই ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সালমানের দেহরক্ষী শেরা। এবং, বন্দুক দেখিয়ে প্রথমে ওই ব্যক্তিকে ভয় দেখান তিনি।
 
এরপরই ওই ব্যক্তির ওপর হামলে পড়েন শেরা। মারধরের এক পর্যায়ে ওই ব্যক্তির হাড় ভেঙে যায়। এতে শেরার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 
 
অভিযোগ পাওয়ার পর পরই শেরাকে গ্রেফতার করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩২৬ নম্বর ধারায়। যদিও, এ বিষয়ে সালমান খানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের পরবর্তী মিশন যৌথ প্রযোজনায় নির্মিত ‘ভ্যালেন্টাইনস ডে’ ছবি। ওপার বাংলার সেনসেশন শুভশ্রী গাঙ্গুলীকে দেখা যাবে শাকিবের বিপরীতে। দুই বাংলার জনপ্রিয় এই দুই তারকার কেমিস্ট্রি জমে উঠবে ছবিতে- এমনটাই প্রত্যাশা সবার। দর্শকের সেই প্রত্যাশা পূরণ করতে এবং শুভশ্রীর সঙ্গে কেমিস্ট্রি জমাতে নতুন করে প্রস্তুত হচ্ছেন শাকিব খান। গত কয়েকদিন ধরে শুটিং ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হয়েছেন তিনি।

২০১৭ সাল হবে আমার অভিনয়ে নবজন্ম আর নির্মাণে নিয়মিত হওয়ার বছর- এমনটাই জানালেন ঢাকাই ছবির সেনশেসন শাকিব খান। 
শাকিব খান বলেন, অভিনয় আর নির্মাণ, দুই ক্ষেত্রেই যে নিজেকে শুধু বাণিজ্যিক ঘরানায় আবদ্ধ রাখব, তা কিন্তু নয়। আমি কিন্তু বাণিজ্যিক বা মৌলিক বলে কোনো ছবিকে চিহ্নিত করতে চাই না। মানে আমি কোনো ধারায় বিশ্বাসী নই। আমার মতে, ছবি হয় দুই ধরনের। একটি ভালো অন্যটি মন্দ। সব ছবিতেই বিনোদন থাকে। আমি আমার নতুন অভিনয় আর নির্মাণ জীবন, মানে চলচ্চিত্র ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে পুরনো সব ট্র্যাক ভেঙে দিয়ে টোটাল চেইঞ্জ আনব। নিজের সঙ্গে আর কোনো কম্প্রোমাইজ নয়। নিজেই নতুন শাকিব খানের জন্ম দেব।

শাকিব বলেন, ‘শিকারী’ ছবির মাধ্যমে দর্শকেরা আমাকে নতুন লুকে পেয়েছিলেন, তারপর ‘বসগিরি’ ছবিতেও কিছুটা নতুন লুক দেখেছেন। এবার ‘ভ্যালেন্টাইনস ডে’ ছবির মাধ্যমে দর্শকরা আমার গেটআপ-এ আরো নতুনত্ব পাবেন। সে কারণেই কয়েকদিন ধরে দিন-রাত এক করে ওজন কমানোর ফর্মুলা ফলো করছি, জিম করছি। তাছাড়া খাওয়া-দাওয়াও কন্ট্রোলে এনেছি।

‘ভ্যালেন্টাইনস ডে’ ছবির নির্মাণকাজ শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে, কলকাতায়। তারপর টানা মাসখানেক চলবে থাইল্যান্ডে ছবির শুটিং। ছবিটি পরিচালনা করবেন, ‘শিকারী’ ছবির নির্মাতা জয়দেব মুখার্জি।

এদিকে, ‘ভ্যালেন্টাইনস ডে’ ছবির কারণে আগামী দুই মাস ব্যস্ত থাকবেন বলে শাকিবের হাতে জমে থাকা কয়েকটি ছবির কাজ আগামী দুই-তিন দিনের মধ্যেই শুরু করবেন। তিনি আশা করছেন, অল্প কয়েকদিন শুটিং করলেই বাকি ছবিগুলোর কাজ শেষ হবে এবং সেগুলো চলতি বছর শেষে কিংবা আগামী বছরের প্রথমদিকে মুক্তি দেয়া সম্ভব হবে।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রায় বচ্চন আর রণবীর কাপুরের রোমান্স নিয়ে বেশ উত্তাল বলিউড দুনিয়া। পরিচালক করণ জোহরের ছবিতে এই জুটির রোমান্স নাকি বড় পর্দা ছাড়িয়ে তাঁদের পারিবারিক জীবনেও প্রভাব ফেলছে, এমন খবর বেশ জোরেশোরেই প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।
তবে এ ব্যাপারে রণবীর যা বললেন, তা বেশ মজারই। আগামী শুক্রবার ছবিটির মুক্তির জন্য একটি রেডিও চ্যানেলে সাক্ষাৎকার দেন রণবীর। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, ঐশ্বরিয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য ধারণে কোনো সমস্যার হয়েছিল কি না তাঁর।
জবাবে রণবীর জানান, বয়সে বড় এই অভিনেত্রীর সঙ্গে এসব দৃশ্যে অভিনয়ে নাকি বেশ লজ্জা লাগছিল তাঁর! মন একদমই সায় দিচ্ছিল না, তাই অ্যাশের গালে স্পর্শ করতেও হাত কাঁপছিল। তবে এই সমস্যার সমাধান নাকি ঐশ্বরিয়া নিজেই করে দেন। তিনি আশ্বাস দিয়ে রণবীরকে বলেন, অভিনয়ের খাতিরে এসব একটু-আধটু করা যেতেই পারে।
রণবীর মজা করে বলেন, ‘তখনি আমি চিন্তা করলাম, এমন সুযোগ আর আসবে না। তাই সুযোগ পেয়েই চার হাঁকিয়ে দিলাম।’ এক প্রতিবেদনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া।
অ্যাশের সঙ্গে রণবীরের প্রথম সাক্ষাৎ ১৯৯৯ সালের ছবি ‘আ আব লাওট চালে’ ছবিতে। ঐশ্বরিয়া-অক্ষয় খান্না অভিনীত ছবিটিতে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন কিশোর রণবীর। সেই বয়সেই নাকি তিনি হৃদয় দিয়ে ফেলেছিলেন অ্যাশকে।


সজল-মাহি জুটির প্রথম চলচ্চিত্র ‘হারজিৎ’ নিয়ে ভিত্তিহীন একটি সংবাদে বিব্রত সজল। বৃহস্পতিবার হুট করেই কয়েকটি অনলাইনে একটি গুজব ছড়ায় যে, ‘হারজিৎ’ থেকে বাদ দেয়া হয়েছে সজলকে। আর এই সংবাদটিই চমকে যেতে বাধ্য করে তাকে।
এ প্রসঙ্গে সজল বলেন, ‘যেকোনো সংবাদই প্রকাশ করার আগে একটু খানি জিজ্ঞেস করে নিশ্চিত হওয়াটা সবার জন্যই ভালো। এতে পাঠকরাও বিভ্রান্ত হয় না, আমাদেরও ভিত্তিহীন প্রশ্নের কৈফিয়ত দিতে হয় না। হুট করেই কোনো এক সংবাদমাধ্যমে প্রকাশ হয় যে, আমাকে ‘হারজিৎ’ ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। যা পুরোপুরি ভিত্তিহীন। আমরা খুব প্রস্তুতি নিয়ে ছবিটির কাজ শুরু করেছি, এভাবে কোনো কিছু ঘটে যাওয়াও সম্ভব নয়।’
এই প্রসঙ্গে ছবিটির নির্বাহী প্রযোজক নুজহাত আলভী বলেন, ‘এমন অদ্ভুত খবরে আমি নিজেও চমকে গিয়েছি। বিগ বাজেটের ছবি এটি। তাই একটু সময় নিয়ে করছি। এরইমধ্যে আমরা সফলভাবে প্রথম লটের শুটিং শেষ করেছি। খুব শিগগিরই এর দ্বিতীয় লটের শুটিংও শুরু হবে। দেশের বাইরের শুটিংয়ের পরিকল্পনাও গুছিয়েছি। জানি না তারা কোত্থেকে এমন সংবাদ পেলো আর প্রকাশ করে দিলো, ছবির অনেক কলাকুশলী রয়েছে, যে কাউকে জিজ্ঞেস করলেই ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারত’। প্রযোজক আরও বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে, এমন ভুল সংবাদে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সজল-মাহি জুটির প্রথম ছবি ‘হারজিৎ’-এর কাজ খুব সুন্দরভাবেই এগুচ্ছে। এতে কোনো ধরনের শিল্পী পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই।’
উল্লেখ্য, ‘হারজিৎ’ চলচ্চিত্রটি সজলের ক্যারিয়ারের দ্বিতীয় ছবি এবং সজল-মাহি জুটির প্রথম ছবি। এর পরিচালনা করছেন বদিউল আলম খোকন।

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget